নাটোর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অপহরণ মামলা
মুক্তিপণের জন্য ইটভাটায় আটক ও নির্যাতনের অভিযোগে নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলামসহ দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
নাটোর সদর থানার ওসি মশিউর রহমান জানান, যশোরের কেশবপুর উপজেলার পাচু গাজীর ছেলে কফিল উদ্দিন শনিবার রাতে থানায় মামলাটি দায়ের করেন।
অপর আসামি হলেন শরিফুল ইসলামের ইটভাটার ব্যবস্থাপক মো. কালাম।
রাতেই পুলিশ মো. কালামকে গ্রেপ্তার করেছে বলে জানান ওসি।
এদিকে চেয়ারম্যানের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলামের ইন্ধনে ‘মিথ্যা’ অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়েছে।
ওসি মশিউর রহমান জানান, কফিল উদ্দিন শনিবার রাতে থানায় এসে নাটোর সদর উপজেলা চেয়ারম্যান ও টিবিএম ইটভাটার মালিক শরিফুল ইসলাম ও ভাটার ব্যবস্থাপক মো. কালামের বিরুদ্ধে অপহরণের মামলা করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, বাদীর ভাতিজা মো. পলাশ এবং প্রতিবেশী মনিরুল ও টিপু নাটোর সদরের পণ্ডিত গ্রামের একটি ভাটায় ইট তৈরির কাজে এসেছিলেন। আসামিরা ৫ ডিসেম্বর তাদেরকে বেশি মজুরিতে কাজ দেওয়ার কথা বলে ইটভাটায় নিয়ে যান।
অভিযোগে বলা হয়, সেখানে যাওয়ার পর তাদেরকে একটি ঘরে আটকে রেখে তাদের স্বজনদের কাছে ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। খবর পেয়ে বাদী শনিবার সকালে টিবিএম ইটভাটায় গিয়ে ৫০ হাজার টাকা আসামিদের দেন। কিন্তু বাকি টাকার জন্য তারা আটকদের ছাড়েননি।
ওসি জানান, মামলা গ্রহণের পরপরই পুলিশ চেয়ারম্যান শরিফুল ইসলামের ওই ইটভাটায় গিয়ে তিন জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ভাটার ব্যবস্থাপক মো. কামালকে গ্রেপ্তার করা হয়।
মামলার ব্যাপারে শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি বা তার ব্যবস্থাপক কথিত উদ্ধার করা ব্যক্তিদের আটকে রাখেননি।
“ওই ব্যক্তিরা ইট তৈরির জন্য সর্দারের মাধ্যমে তিন লাখ টাকা দাদন নিয়েছিলেন। ওই টাকা ফেরত না দেওয়ায় সর্দার তাদেরকে ভাটায় রেখে দিয়েছিলেন।”
তাদেরর ওপর নির্যাতন করা হয়নি এবং তারা এ ব্যাপারে মামলা করতেও চাননি দাবি করে শরিফুল বলেন, “কিন্তু সাংসদ শফিকুল ইসলামের সঙ্গে তার রাজনৈতিক বিরোধ থাকায় তিনি সর্দারের সঙ্গে যোগসাজসে মিথ্যা মামলাটি করিয়েছেন।”
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, ইট তৈরির আগাম টাকা-পয়সা নিয়ে বাদীর লোকজনের সঙ্গে আসামিদের দ্বন্দ্ব রয়েছে-এটা সত্য।
“তবে টাকার জন্য তাদের ঘরে আটক রাখার অভিযোগে মামলাটি নেওয়া হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি এখনও তদন্তাধীন।”
সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, মামলার ব্যাপারে তার কোনো হাত নেই। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলাটি করেছেন। পুলিশ তদন্ত করে দেখবে ঘটনা সত্য কি না। এই মামলার ব্যাপারে আসামিরা তার উপর যে দায় চাপাচ্ছেন তা শত্রুতামূলক।
