রংপুর সিটি নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থীকে জরিমানা
আচরণবিধি লঙ্ঘন করায় রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফ এ কথা জানান।
তিনি বলেন, নগরীর পায়রা চত্বর ও মাহিগঞ্জে ঝন্টুর মেয়র থাকাকালে করা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রজেক্টরের সাহায্যে দেখাচ্ছিলেন তার সমর্থকরা। এ দুটি ঘটনায় প্রজেক্টরসহ অন্য যন্ত্রপাতি জব্দ করে ঝন্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট আরিফ বলেন, “প্রজেক্টর দিয়ে প্রচারণা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। তাই ঝন্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
এ নিয়ে ঝন্টু বলেন, “প্রজেক্টর দিয়ে প্রচারণা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘনের বিষয়টি আমার জানা ছিলনা। আমি আরও সর্তক হব।”
