এবার সরাসরি ভোটে লড়তে চান খালেদ মোশাররফের মেয়ে
সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী এবার সরাসরি ভোট করতে চান; বীর উত্তম খালেদ মোশাররফের এই মেয়ে নৌকা প্রতীকের প্রার্থী হতে চাইছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনে।
মঙ্গলবার ইসলামপুর উপজেলার বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধে কে ফোর্সের অধিনায়ক খালেদ মোশাররফ স্মৃতি পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন মাহজাবিন।
তিনি বলেন, ইসলামপুরে যেসব উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিরই অংশ। তার সফল রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে।
“আমি তার হয়েই কাজ করতে আসছি।”
আগামী নির্বাচনে সবাইকে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইসলামপুর আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাওয়ার ঘোষণা দেন তিনি।
মতবিনিময় সভায় খালেদ মোশাররফ স্মৃতি পরিষদের চিনাডুলী ইউনিয়ন শাখার সদস্য লুৎফর রহমান লাল ও সাদা মিয়া, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান উজ্জ্বল, স্মৃতি পরিষদ উপজেলা শাখার কোষাধ্যক্ষ নারায়ণ মোদক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনা বাহিনীর অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের মধ্যে নিহত খালেদ মোশাররফের ভাই রাশেদ মোশাররফও এক সময় আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, তিনি ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারে প্রতিমন্ত্রীও ছিলেন।
বর্তমানে জামালপুর-২ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগেরই ফরিদুল হক খান।
