২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিসির সঙ্গে গণ্ডগোল, সাবেক সিভিল সার্জনের সাজা

লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সঙ্গে ‘অসদাচরণের দায়ে’ সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফকে আটকের পর তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2017, 09:50 AM

Updated : 19 Aug 2022, 06:07 PM

লক্ষ্মীপুর ডিসি কলোনির ভেতরে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত কাকলি শিশু অঙ্গন বিদ্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে সোমবার তাকে এই দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, “ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে। আমরা তাকে নিয়ে যাচ্ছি। আর কিছু জানি না।”

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুইজনের মধ্যে কথাকাটাকটির পর তাৎক্ষণিকভাবে এই চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

চিকিৎসক সালাহ উদ্দিনের মেয়ে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া জাফরিন চাঁদনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা আমাকে ও আমার ছোট ভাইকে পৌঁছে দিচ্ছিলেন। ছোট ভাইকে ওই স্কুলে নামিয়ে দিয়ে বাবা আমাকে কলেজে পৌঁছে দেওয়ার জন্য তাড়াহুড়া করছিলেন।

“এরই মধ্যে কাকলি শিশু অঙ্গনের ভেতরে ঢোকাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয় এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটে।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. নূরুজ্জামান বলেন, “এডিসির সঙ্গে অসদাচরণের দায়ে সালাহ উদ্দিন শরীফকে তিনন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”

তবে লক্ষ্মীপুর বিএমএর জেলা সভাপতি আশফাকুর রহমান এ ঘটনাকে ব্যক্তিগত আক্রোশ বলে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার বেলা ১২টার মধ্যে শরীফকে মুক্তি না দিলে সব চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।