বুড়িগঙ্গায় অজ্ঞাত তরুণের গলিত লাশ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. রবিউল হক জানান, উপজেলার প্রথম চীন মৈত্রী সেতুর পূর্ব পাশে বুড়িগঙ্গায় সোমবার ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
তরুণ কালো ফুলপ্যান্ট পরিহিত ছিল।
এসআই রবিউল বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়রা বুড়িগঙ্গায় লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
