পাবনায় ‘গরুর মাংসের’ খিচুড়ির জন্য সংঘর্ষ, আহত ১২
পাবনার সাঁথিয়ায় খিচুড়িতে ‘গরুর মাংস না দেওয়ায়’ দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
রোববার উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ওসি হাসান ইনাম জানান।
আহত বাতেন সরদার (৫৫), গাজী সরদার (৩৬), রাসেল সরদার (৩০), খালেক সরদার (৩৮) আবু সাইদ (৩৮), দৌলত (২৮), নুরুন্নবী (৩০), মেরাজ (২৬) ও রইচ উদ্দিনসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শনিবার রামচন্দ্রপুর গ্রামে একটি ইসলামী জলসার আয়োজন করা হয়। জলসার তদারকির দায়িত্বে থাকা রইচ উদ্দিন সরকার নির্দেশে সেখানে মুরগির খিচুড়ি বিতরণ করা হয়।
“খিচুড়িতে গরুর মাংস না দেওয়ায় রাতে লতিফ সরদার নামে আয়োজকদের একজনের সঙ্গে রইচের কথা কাটাকাটি হয়।”
এ ঘটনার জেরে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে অন্তত ১২ জন আহত হন বলে জানান তিনি।
সংঘর্ষের ঘটনায় রোববার রাতেও কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
