দিনাজপুরে পাথরঘাটা নদীতে মিলল নিখোঁজ কিশোরের লাশ
দিনাজপুরের বীরগঞ্জে পাথরঘাটা নদী থেকে নিখোঁজ এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বীরগঞ্জ থানার ওসি আবু আককাস আহমেদ জানান, রোববার দুপুরে লাশটি উদ্ধার করেন তারা।
মৃত প্রদীপ পাল (১৬) বীরগঞ্জের বড়হাট নাপিতপাড়া গ্রামের পালানু পালের ছেলে।
পালানু পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ কলেজের ছাত্র ছিল। শনিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ওসি আককাস বলেন, “মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।”
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
