বেনাপোলে আটক চোরাকারবারীকে `ছিনিয়ে নেওয়ার চেষ্টা'
যশোরের বেনাপোলে ১০০ বোতল ফেনসিডিলসহ আটক এক চোরাকারবারীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তার সহযোগীরা।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, রোববার ভোরে সাদিপুর বেলতলা সীমান্তে এ সময় চোরাকারবারীদের ছত্রভঙ্গ করতে ছয় রাউন্ড ফাঁকা গুলি করে বিজিবি।
আটক মনিরুল হক (১৯) শার্শার লাউতাড়া গ্রামের কুদ্দুস আলির ছেলে।
বিজিবি কর্মকর্তা আরিফুল বলেন, একটি মাদক চালানের গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল ডাক্তারবাড়ি পোস্ট এলাকা থেকে মনিরুলকে আটক করে।
“পরে তার শরীরে তল্লাশি চালানো হলে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।”
তিনি বলেন, “পরে মনিরুলকে ক্যাম্পে নিয়ে যাওয়ার পথে তার ১৫/২০ জন সহকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের উপর হামলা করে। এ সময় বিজিবি ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে পিছু হটে তারা।”
মনিরুলকে বেনাপোল ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
