২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

যশোর শহরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার পরিচিত আরেক যুবকের বিরুদ্ধে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 11:30 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

শুক্রবার বিকালে কালেক্টরেট পার্কে হামলার ঘটনা ঘটে।

নিহত রনি ওরফে বাবু (২০) শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

নিহতের বন্ধু আরিফ হোসেন বলেন, তিনি ও বাবু বিকাল সাড়ে ৫টার দিকে কালেক্টরেট পার্কে যান বাবুর বান্ধবীর সঙ্গে দেখা করতে। কিছুক্ষণ পর শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার ফিরোজ তাকে ডাক দেন। ফিরোজের সাথে আরও দুইজন ছিল। 

“ওই সময় বাবু গেটের দিকে গেলে তার চশমাটি ফিরোজ দিতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর দেখা যায় বাবুর উরু থেকে রক্ত ঝরছে।”

আরিফ বলেন, “ওই সময় আমি একটু দূরে ছিলাম। আহত হওয়ার পর বাবু বলেছে ফিরোজ তাকে চাকু মেরেছে।”

“সঙ্গে সঙ্গে আমরা কয়েকজন মিলে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই বাবুকে। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।”

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, রোগীকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা সংকটাপন্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতয়ালি থানার ওসি একেএম আজমল হুদা জানান,  “কালেক্টরেট পার্কের কাছে বাবু নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। ফিরোজ নামে এক যুবক ওই হত্যকাণ্ড ঘটিয়েছে বলে শুনেছি। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।”

ওসি জানান, ফিরোজ ওই এলাকায় সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।