গোসাইরহাটে ইউপি সদস্য হত্যায় মামলা, গ্রেপ্তার ৩
শরীয়তপুরের গোসাইরহাটে ইউপি সদস্য নজরুল ইসলাম মুন্সি হত্যার ঘটনায় মামলা হয়েছে।
গোসাইরহাট থানার ওসি এম এ মেহেদী মাসুদ জানান, নিহতের মা তাহমিনা বেগম বাদী হয়ে ২৪ জনকে আসামি করে শুক্রবার গোসাইরহাট থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় নাগেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুন্সিকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার রাতে নাগেরপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ও একই ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম নজু মুন্সিকে কুপিয়ে হত্যা করা হয়।
নিহতের মামা আবুল কালাম কাজী বলেন, নজু মুন্সির সঙ্গে একই বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মুন্সির সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
কালাম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাগেরপাড়া বাজার থেকে নজু মুন্সি, তার সহযোগী রতন পেয়াদা ও আজিম মৃধা ভদ্রচাপ গ্রামে নিজ বাড়ি যাচ্ছিলেন।
“মুনিন্সরহাট বাজার সংলগ্ন নয়াবাড়ী ব্রিজের উপর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুন্সি ও তার সমর্থকরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে গতিরোধ করে। পরে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।”
এ সময় তার সঙ্গে থাকা শিবেরচর গ্রামের তাজিম মৃধা ও মলনচোড়া গ্রামের রতন পেয়াদা নজরুল মুন্সিকে রক্ষা করতে গেলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে বলে কালাম জানান।
আশপাশের লোকজন গিয়ে আহতদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলাম নজু মুন্সিকে মৃত ঘোষণা করেন।
কালাম জানান, আহত রতন পেয়াদা ও তাজিম মৃধাকে প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত রতন পেয়াদা বলেন, “আমরা তিন জন একসঙ্গে নাগেরপাড়া বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান মুন্সি ও তার সমর্থকরা নজরুল ইসলাম মুন্সিকে কুপিয়ে হত্যা করেছে।
“আমরা রক্ষা করতে গেলে আমাদেরকেও কুপিয়ে আহত করে।”
গোসাইরহাট থানার ওসি এম এ মেহেদী মাসুদ জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বজলুর রহমান সরদার, মাজেদ বেপারী ও সোহেল পুস্তি নামের তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
