জমির বিরোধে শরীয়তপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধের জেরে শরীয়তপুরের গোসাইরহাটে এক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত মো. নজরুল ইসলাম (নজু) নাগেরপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার।
ইউনিয়নের ভদ্রচাপ সেতুর কাছে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে গোসাইরহাট থানার ওসি এম এ মেহেদী মাসুদ জানান।
এ ঘটনায় শিবেরচর গ্রামের রতন মৃধা ও মলনচোরা গ্রামের রতন পেদা নামে আহত দুই জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে বজলুর রহমান নামে একজনকে আটক করেছে বলে ওসি জানান।
নিহতের ভগ্নিপতি টোটন আকন বলেন, “গ্রামের একখণ্ড জমি নিয়ে নাগেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর মান্নান মুন্সির সঙ্গে নজরুলের বিরোধ চলছিল।
“এর জেরে মান্নান ও সমর্থকেরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।”
এ সময় নজরুলের সঙ্গে থাকা রতন মৃধা ও রতন পেদা তাকে বাঁচাতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয় বলে জানান তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন রতন পেদা বলেন, “রাতে নাগেরপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে মান্নান ও তার লোকজন আমাদের পথ আটকে করে প্রথমে নজরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আমরা তাকে বাঁচাতে গেলে তারা আমাদেরকেও কুপিয়ে আহত করে।”
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষণা করেন বলে জানান পেদা।
ওসি মেহেদী মাসুদ বলেন, “পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করে।”
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
