২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটের সীমান্তে রোহিঙ্গা নারী উদ্ধার

জয়পুরহাটের সীমান্ত এলাকা থেকে পঞ্চাষোর্ধ্ব এক রোহিঙ্গা নারীকে উদ্ধার করেছে বিজিবি।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 10:45 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

বৃহস্পতিবার বিকালে পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর সীমান্ত এলাকা থেকে আয়েশা খাতুন নামে ওই নারীকে উদ্ধার করা হয়।

সন্ধ্যায় তাকে কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে বলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক জানান।

আনিছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  ভারত সীমান্ত সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরের রামভদ্রপুর এলাকায় ওই রোহিঙ্গা নারীকে ‘উদাসীনভাবে’ ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা বিজিবি সদস্যদের খবর দেন।

বিজিবি সদস্যরা তার নাম পরিচয় জানতে চাইলে নিজেকে রোহিঙ্গা নারী দাবি করে নিজেদের ভাষায় বলেন, তিনি রাখাইন রাজ্যের মৃত হোসেন আহম্মদ আলীর স্ত্রী। মায়ানমার থেকে পালিয়ে এসে তিনি পার্বত্য চট্টগ্রামের একটি আশ্রয় শিবিরে থাকতেন।

ওই নারীর বরাত দিয়ে কর্নেল রাশেদ বলেন, ভারতে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে তাকেসহ আরও চার নারী-পুরুষকে নিয়ে দালালচক্র আশ্রয় শিবির থেকে পালিয়ে আসে। এ জন্য তাদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছে। তারপর এখানে এনে একেকজনকে একেক জায়গায় রেখে পালিয়ে যায় তারা।