অর্থ আত্মসাৎ: গোপালগঞ্জে ৫ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জের কাশিয়ানীতে সোনালী ব্যাংকের দুই কোটি ৫৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
সোনালী ব্যাংকের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া শাখা ব্যবস্থাপক মো. মোসলেম মোল্লা বাদী হয়ে বুধবার সন্ধ্যায় মামলাটি করেন বলে কাশিয়ানী থানার ওসি এ কে এম আলী নূর হোসেন জানান।
মামলায় ওই শাখার সাবেক ব্যবস্থাপক মো. ফেরদৌস আলম, এস এম জাহাঙ্গীর আলম, মো. জাহাঙ্গীর সরদার, সন্তোষ কুমার মৈত্র ও সাবেক অফিসার মো. আকতার হোসেনকে আসামি করা হয়েছে।
সবাই চাকরি থেকে অবসর নিয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ওসি নূর হোসেন বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মামলাটি রেকর্ড করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন মামলার তদন্ত করবে। বৃহস্পতিবার মামলাটি দুদকে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ১৯৯৩ সালের ৪ এপ্রিল থেকে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আসামিরা ব্যাংকের ভাটিয়াপাড়া শাখায় ম্যানেজার ও অফিসার পদে কর্মরত ছিলেন। এ সময়ে এক হাজার ৩০২ জন ঋণ গ্রহীতার নাম ব্যবহার করে ২ কোটি ৫৫ লাখ ৭ হাজার ৫৬৪ টাকা ঋণ মঞ্জুর করেন।
একই ব্যক্তির নামে একাধিক ঋণ এবং নির্ধারিত এলাকার বাইরের ঋণ গ্রহীতা ও স্বাক্ষর জাল করে তারা এসব টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। গ্রহীতাদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে ব্যাংকের প্রধান কার্যালয় তদন্ত শুরু করে। গত ২৮ সেপ্টেম্বর তদন্তে দুই কোটি ৫৫ লাখ ৭ হাজার ৫৬৪ টাকা উত্তোলন করে আত্মসাতের প্রমাণ পাওয়া যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী মোসলেম মোল্লা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলা করেছেন তিনি।
