নোয়াখালীতে পিকআপের ধাক্কায় কলেজছাত্রী নিহত
নোয়াখালীতে পিকআপের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মাইজদী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসা আনান (১৭) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গাজিপুর গ্রামের অলি আহমেদের মেয়ে। আনিসা নোয়াখালী সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।
আনিসার বাবা নোয়াখালী স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে মোবাইল ফোনে খবর পেয়ে গিয়ে মেয়েকে মৃত দেখতে পান।
পুলিশ বলেছে, আনিসা ও সুমাইয়া নামে এক শিক্ষার্থী অটোরিকশায় করে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন মাস্টারপাড়ায় এক শিক্ষকের বাসায়। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপটি ধাক্কা দিলে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে আনিসা, সুমাইয়া ও অটোরিকশার চালক ফকির ইসলাম আহত হন।
ওসি আনোয়ার বলেন, স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনিসাকে মৃত ঘোষণা করেন।
