আলাতুলি চরে ফের অভিযানে র্যাব
চাঁপাইনবাবগঞ্জ সদরে ‘জঙ্গি আস্তানায়’ গোলাগুলি ও বিস্ফোরণে তিনজনের মৃতুর পর পুরো এলাকায় অভিযানে নেমেছে র্যাব।
র্যাব ৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুবুল আলম জানান, “বুধবার ভোর থেকে বিপুলসংখ্যক র্যাব সদস্য এ অভিযান শুরু করেন।”
এর আগের দিন মঙ্গলবার ভোরে এ চরের রাশিকুলের বাড়িতে ‘জঙ্গিদের’ সঙ্গে র্যাবের গোলাগুলির সময় বিস্ফোরণ ঘটে। পুরো বাড়ি আগুনে পুড়ে যায়। সেখান থেকে তিনজনের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করে র্যাব। উদ্ধার করে অস্ত্রশস্ত্র।
র্যাব কর্মকর্তা মাহাবুবুল বলেন, এই চরে কয়েক হাজার বসতি রয়েছে। কারা বসতি গড়েছে বা বহিরাগত কেউ এখানে অবস্থান করছে কিনা অথবা কোথাও গোলাবারুদ মজুদ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এ অভিযান শুরু করা হয়েছে।
“একই সঙ্গে জঙ্গি ও সন্ত্রাসীদের ব্যাপারে চরবাসীকে সচেতন করা হচ্ছে এ অভিযানের মাধ্যমে।”
বিস্ফোরিত বাড়িটি ছিল ‘জেএমবির প্রশিক্ষণ কেন্দ্র’
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেছেন, জঙ্গিদের প্রশিক্ষণ ও বোমা তৈরির জন্য দুর্গম চর আলতুলিতে আস্তানাটি গড়ে তোলা হয়েছিল ছয় মাস আগে।
“এটি ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আস্তানা। এখানে বোমা তৈরি ও বিস্ফোরণ ঘটনার প্রশিক্ষণ দেওয়া হত। এছাড়া এখানে তৈরি বোমা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত জঙ্গিরা।”
এর আগে আটক কয়েকজন জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েকটি চরে র্যাব কিছুদিন ধরে নজরদারি করছিল বলে জানান র্যাব কর্মকর্তা।
তিনি বলেন, পরে স্থানীয়দের সহযোগিতায় এই জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে মঙ্গলবার রাত ৩টার দিকে এটি ঘিরে ফেলা হয়। র্যাব জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানায়। কিন্তু জঙ্গিরা গুলি করে এবং দুটি গ্রেডেন বিস্ফোরণ ঘটায়। এ সময় র্যাবের সঙ্গে তাদের গোলাগুলি ও বিস্ফোরণের মধ্যে বাঁশ আর টিনের তৈরি ঘরে আগুন ধরে যায়।
সকালে আগুন নেভার পর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা বাড়িটির ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে তিন পুরুষের মৃতদেহ শনাক্ত করে। খণ্ড খণ্ড দেহের মাথাসহ বিভিন্ন অংশ দেখে তাদের শনাক্ত করা হয়।
র্যাব কর্মকর্তা মাহাবুবুল বলেন, “নিহত ওই তিন জঙ্গি জেএমবি সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।”
আলাতুলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মেজবাউল হক বলেন, কয়েক মাস ধরে পাখি শিকার, ছবি তোলা ও বেড়ানোর কথা বলে মাঝেমধ্যেই চর আলাতুলি যেত অপরিচিত লোকজন। এনজিওকর্মীর পরিচয় দিয়েও যেত অনেকে। আর রাতে তারা রাশিকুলের বাড়িতেই থাকত।
ওই বাড়ির মালিক রাশিকুলের স্ত্রী নাজমা বেগম, নাজমার বাবা খোরশেদ আলম ও মা মিনারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব।
