স্মার্ট জাতীয় পরিচয়পত্রে সর্বাধুনিক প্রযুক্তি: ইসি কবিতা খানম
স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
মঙ্গলবার গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “স্মার্ট জাতীয় পরিচয়পত্র নাগরিকের পরিচয়বাহী আধুনিক পরিশীলিত একটি ডিজিটাল ডকুমেন্ট। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি প্রস্তুত করা হয়েছে।
“স্মার্ট পরিচয়পত্র হলো একটি বহনযোগ্য দলিল, যা নাগরিকগণের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় ও সামাজিক সেবা-সুবিধা প্রদান তথা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করতে মুখ্য ভূমিকা পালন করবে।”
সকল ভোটারের হাতে দ্রুত এ কার্ড তুলে দিতে জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগ প্রচুর পরিশ্রম করছে বলে জানান ইসি কবিতা।
সকালে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এই নির্বাচন কমিশনার।
সিটি করপোরেশনগুলোতে এ স্মার্ট কার্ড সরবরাহের পরে জেলা পর্যায়ে সরবরাহের পদক্ষেপ গৃহীত হচ্ছে। ডিসেম্বরের প্রথম তারিখে ৩৭টি জেলায় একযোগে এই পরিচয়পত্র বিতরণ উদ্বোধন হবে বলে তিনি জানান।
সামনে রংপুর সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্নের সব ধরনের পদক্ষেপ গৃহীত হয়েছে বলেও জানান ইসি কবিতা খানম।
“আমরা প্রতিটা নির্বাচনই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে করতে চাই; যাতে নির্বাচন আর বিতর্কিত না হয়। আমরা চাই রংপুর সিটি করপোরেশন নির্বাচনকেও কুমিল্লা সিটি কর্পোরেশনের মতো সুষ্ঠু ও সকলের নিকট গ্রহণযোগ্য করে তুলতে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান। পরে প্রধান অতিথি ইসি কবিতা খানম কয়েকজন বিশিষ্ট নাগরিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ।
