২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষে মৃত্যু মাছের, মাথায় হাত চাষির

কুষ্টিয়ার মিরপুরে বিষক্রিয়ায় একটি পুকুরের সব মাছ মারা যাওয়ায় মাথায় হাত পড়েছে দুই মৎস্য চাষির।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 11:08 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগে মাছগুলো মেরেছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ বলছে, তা অভিযোগটি খতিয়ে দেখছে।

উপজেলার কচুবাড়িয়া গ্রামের মৎস্যচাষী জেনার আলী ও রিয়াজতুল্লাহ স্থানীয় একটি পুকুর বর্গা নিয়ে পাঙ্গাস ও মনোসেক্স জাতীয় মাছ চাষ করেছিলেন।

রোববার সকালে উঠে পুকুরের সব মাছ মরে ভাসতে দেখেন তারা।

রিয়াজতুল্লাহ বলেন, “সকালে পুকুরে মাছের খাবার দিতে এসে দেখি, সব মাছ মরে পানির উপর ভাসছে।”

তাৎক্ষণিকভাবে স্থানীয় মৎস্য চিকিৎসককে ডেকে মাছগুলো দেখানো হয়।

“তিনি (চিকিৎসক) বলেছেন, পুকুরের পানিতে বিষ প্রয়োগের ফলে সব মাছ একসাথে মরে গেছে,” বলেন জেনার আলী।

তিনি জানান, সব মিলিয়ে প্রায় ১২০ মন মরা মাছ তুলেছেন তারা।

এই বিষয়ে আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সোহেল রানা বলেন, “পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের সংবাদ পেয়েছি; তদন্ত করে দেখা হচ্ছে, এর সাথে কারা জড়িত থাকতে পারে।”