২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ‘অপহৃত’ স্কুলছাত্রী উদ্ধার, ধর্ষণের মামলা

জামালপুরের মেলান্দহে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের চারদিন পর অচেতন অবস্থায় রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 06:44 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

রোববার বিকালে মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফজলুল হক।

তিনি বলেন, শনিবার বিকালে মেয়েটিকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাকে চিকিৎসা দেওয়ার পর রোববার সকালে সংজ্ঞা ফিরেছে।

“পরিবারের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ করায় ডাক্তারি পরীক্ষাসহ উন্নত চিকিৎসার জন্য বিকালে তাকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”

মেয়েটির পরিবার জানায়, বুধবার সকাল সাড়ে ৬টায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় নয়ানগর মোড় থেকে মেয়েটিকে অপহরণ করা হয়। অপহরণকারীরা মেয়েটিকে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

“পরে শনিবার বেলা সাড়ে ৩টায় উপজেলার দুরমুঠ রেল স্টেশন থেকে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”

সংজ্ঞা ফিরলে মেয়েটি জানান, “উপজেলার মেঘারবাড়ি গ্রামের মোজাম্মেল হক (৪২) নামে এক ব্যক্তিসহ কয়েকজন তাকে অপহরণ করে। এরপর কী হয়েছে কিছুই বলতে পারি না।”

মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম বলেন, এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মোজাম্মেল হককে আসামি করে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।