২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সেনা সদস্যের বাড়িতে আগুন

গাজীপুরে এক সেনা সদস্যের মালিকানাধীন একটি বাড়ি আগুনে পুড়ে গেছে, যা নাশকতা বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 10:47 AM

Updated : 19 Aug 2022, 06:03 PM

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, সদর উপজেলার হোতাপাড়া মনিপুরের কাতলামারা এলাকায় শনিবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে।  

আধাপাকা ওই বাড়ির মালিক রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের সেন্ট্রাল এম্যুনিশন ডিপোর (সিএডি) ফায়ারম্যান লিডার মো. সিরাজুল ইসলাম। এক দিনমজুর দম্পতি দুই কক্ষের ওই বাসায় ভাড়া থাকতেন।

তবে অগ্নিকাণ্ডের সময় তারা কেউ বাসায় ছিলেন না। ঘরে তালা দিয়ে ওই দম্পতি স্থানীয় এক বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিলেন বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা আল আমিন জানান।

তিনি বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির একটি কক্ষের অধিকাংশ মালামালসহ পুড়ে যায়। পাশের কক্ষও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

“ওই বাসায় বিদ্যুৎ বা গ্যাসের লাইন নেই। ঘরের একটি পাশের একটা জানালা খোলা ছিল। সেখান দিয়েই কেউ আগুন লাগিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

বাড়ির মালিক সিরাজুল সাংবাদিকদের বলেন, মাস দুই আগে ‘দুর্বৃত্তরা’ তার ভাড়াটিয়াকে বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দিয়েছিল। তবে হুমকিদাতাদের নাম-পরিচয় তিনি জানেন না।