২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন-ট্রাকের সংঘর্ষ: মামলা, তদন্ত কমিটি

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের সঙ্গে বিকল ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 06:51 PM

Updated : 19 Aug 2022, 06:02 PM

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকশী) অসীম কুমার তালুকদার জানান, রেলওয়ের সিনিয়ির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে শুক্রবার কমলাপুর রেলওয়ে ট্রাকের চালক ও তার সহকারীকে আসামি মামলা করেন।

“রেলওয়েতে ট্রাক রেখে ট্রেন চলাচলে বিঘ্ন হওয়া এবং ট্রেনের সহকারী চালকের মৃত্যু এবং ট্রেনের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে মামলায়।”

এছাড়া ঘটনা তদন্তে একইদিন রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসীকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

কমিটির অন্য সদস্যরা হলেন রেলওয়ের পাকশী বিভাগীয় মেডিকেল অফিসার সজীব কুমার রায়, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী শেখ মো. হাসানুজ্জামান, এবং বিভাগীয় প্রকৌশলী-২ মো. আসাদুল হক।

কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান অসীম তালুকদার।

বৃহস্পতিবার রাত ২টায় কালিয়াকৈরের বক্তারপুর রেলক্রসিংয়ে উত্তরবঙ্গগামী লালমনি এক্সপ্রেস লাইনে থাকা একটি বিকল ট্রাকে ধাক্কা দিলে ট্রেনের সহকারী চালক নূর আলম শরীফ নিহত হন। আহত হন আরও ১৫ জন।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শশা গ্রামের মমিন শরীফের ছেলে নূর আলম।

দুর্ঘটনার পর থেকে শুক্রবার সকাল পৌনে ৮টা পর্য্ন্ত ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে।