২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্কে বিপণীবিতান নির্মাণের টেন্ডার, নাটোর পৌরসভাকে দর্শানোর নির্দেশ

নাটোরের বাহাদুর শাহ পার্কের স্থানে বিপণীবিতান নির্মাণের টেন্ডার আহ্বান করায় পৌরসভাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2017, 08:09 PM

Updated : 19 Aug 2022, 06:01 PM

পার্কে বিপণীবিতান নির্মাণের উদ্যোগকে অবৈধ ঘোষণার আবেদন জানিয়ে সোমবার দুপুরে নাটোরের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা হলে কারণ দর্শানোর এ নির্দেশ দেন বিচারক।

নাগরিক সমাজের পক্ষে নজরুল মঞ্চের সভাপতি গোলাম কামরান, সাবেক বক্সার আজিজুর রহমান ও সুজনের নাটোর শাখার যুগ্ম সম্পাদক আইনজীবী সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় বিবাদী করা হয়েছে পৌরসভার মেয়র ও এলজিআরইডি নাটোরের নির্বাহী প্রকৌশলীকে। সেইসঙ্গে মামলায় বিপণীবিতান নির্মাণের ওপর আদালতের নিষেধাজ্ঞার আবেদনও করা হয়।

শুনানি শেষে বিচারক আসাফ উদ দৌলা বিবাদীদের নোটিশ প্রাপ্তির তারিখ থেকে ১০ দিনের মধ্যে কেন বিপণীবিতান নির্মাণের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

পৌরসভার নথি থেকে জানা যায়, ১৯৫৮ সালে সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে পার্কটি প্রতিষ্ঠিত হয়। গুগল ম্যাপে ২০১২ সালের ২৮ জুলাই ধারণ করা স্থির চিত্রেও এর উপস্থিতি দেখা যায়, যা শহরের পিলখানা মহল্লার উত্তর পাশে লালদিঘির পশ্চিম তীরে অবস্থিত।

সর্বপ্রথম ১৯৮৭ সালে পার্কে বিপণীবিতান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। আদালতের নির্দেশে তা বন্ধ হয়ে যায়। পরে ২০০২ সালে তৎকালীন পৌর কর্তৃপক্ষ পার্কের প্রাচীন গাছপালা কেটে পাকা অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়। ওই সময় বিভিন্ন পত্রপত্রিকায় বিষয়টি লেখালেখি হলে স্থাপনা নির্মাণ বন্ধ হয়ে যায়।

নাটোর পৌরসভা সূত্রে জানা যায়,বাহাদুর শাহ পার্কের পুরো জায়গা জুড়ে তিনতলা বিপণীবিতান নির্মাণ করা হবে।  গত ১৬ অক্টোবর এ সংক্রান্তে টেন্ডার আহ্বান করা হয়েছে। গত ২ নভেম্বর ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। ঠিকাদার নির্ধারণ হয়ে গেলে আগামী ৭ জানুয়ারি নির্মাণকাজ শুরু হবে। ২০১৯ সালের  ৬ জানুয়ারির মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা বলা হয়েছে।

এ ব্যাপারে পৌর মেয়র উমা চৌধুরী বলেন, আগেই পার্কের গাছপালা কেটে অনেক জায়গায় স্থাপনা নির্মাণ করা হয়েছে। বাকি জায়গা দখল হয়ে যাচ্ছে। সন্ধ্যা নামলে সেখানে মাদকাসক্তদের ভিড় জমে।

“তাই এখানে মার্কেট নির্মাণ করা হচ্ছে। এতে পৌরসভার আয় বাড়বে।”

নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার বলেন, এটা পৌরসভার জন্য একটা আত্মঘাতী কাজ হবে। পার্কে মার্কেট না করে বরং পার্কটি সর্বসাধারণের ব্যবহারের উপযোগী করে তোলা উচিত।’

পৌরসভার সাবেক মেয়র খন্দকার জুবায়ের হোসেন বলেন, বাহাদুর শাহ পার্ক নাটোরের ইতিহাসের একটি অংশ। একে টিকিয়ে রাখতে মার্কেট নির্মাণ বন্ধ করা উচিত। পাশাপাশি পার্কের পরিবেশ উন্নত করার দাবি জানাচ্ছি।

নজরুল মঞ্চ নাটোর শাখার সভাপতি গোলাম কামরান বলেন, “পার্ক বন্ধ করে মার্কেট নির্মাণ করা হলে শহরের পরিবেশ নষ্ট হবে। প্রয়োজনে আমরা পার্ক রক্ষার জন্য আন্দোলনে নামব।”