জামালপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু
জামালপুরের মেলান্দহের ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজকে’ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পর নাম হয়েছে ‘বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’।
কলেজের উপাধ্যক্ষ রফিকুল বারী জানান, সোমবার জাতীয় সংসদের ‘বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বিলটি পাশ হয়।
তিনি বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নহিদ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০১৭’ পাসের প্রস্তাব উত্থাপন করেন। অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিল পাস হওয়ার খবরে মঙ্গলবার ওই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেন।
দুপুরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীজন কলেজ ক্যাম্পাসে সমবেত হন। পরে তারা ক্যাম্পাস থেকে এক আনন্দ শোভাযাত্রা নিয়ে জামালপুর-মেলান্দহ সড়কের মালঞ্চ বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসেন। পরে ক্যাম্পাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ এলাকায় ১৯৯৮ সালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজ প্রতিষ্ঠিত হয়।
এ বিষয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, জাতীয় সংসদের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বিলটি পাস হওয়ায় জেলার ছেলে-মেয়েদের নিজ জেলায় উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হলো। তাদের পড়ালেখার খরচও কমে আসবে।
“শুধু জামালপুরেরই নয়, সারা দেশ থেকে এমনকি বিদেশ থেকেও ছেলেমেয়েরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে। জামালপুর জেলার নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়বে।”
