রাবিতে ছাত্রলীগ নেতার মামলায় আসামি ৩ সাংবাদিক
রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইয়াবা চক্র নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন দুই ছাত্রলীগ নেতা।
বৃহস্পতিবার রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে দুটি মামলা দায়ের করা হয় বলে জানান বাদীর আইনজীবী ইমাম হাসান।
আসামিরা হলেন দৈনিক যুগান্তর ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার রাবি প্রতিনিধি হাসান আদিব এবং এসএ টিভির রাজশাহী প্রতিনিধি জিয়াউল গণি সেলিম ও একই টিভির ক্যামেরা পারসন সাঈদ।
হাসান আদিব রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সভাপতি।
বাদীর আইনজীবী ইমাম হাসান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল আউয়াল মিল্টন ও সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় পৃথক দুটি মানহানি মামলা দায়ের করেন।
“মুখ্য মহানগর হাকিম মাহবুবুর রহমান অভিযোগ আমলে নিয়েছেন।”
মামলার অভিযোগে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটে ইয়াবা চক্রের বিষয়ে গত ৯ নভেম্বর এসএ টিভি এবং ১০ নভেম্বর দৈনিক যুগান্তরে সংবাদ প্রচার ও প্রকাশ হয়। এতে মুশফিক তাহমিদ তন্ময় ও রবিউল আউয়াল মিল্টনের নাম উল্লেখ করে তাদের মর্যাদার হানি ঘটানো হয়েছে। এতে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন।
মুশফিক তাহমিদ তন্ময় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের যে সূত্র উল্লেখ করা হয়েছে তা ‘গোপনীয়’ উল্লেখ থাকার পরও সেটি প্রকাশ করে তারা অন্যায় করেছেন।
“এছাড়া রাজশাহী মহানগর পুলিশও এ তালিকার বিষয়ে কিছু জানে না বলে কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। তাছড়া উনারা নিউজ করার আগে আমার সঙ্গে কথা বলেননি। এতে পরিষ্কার হয় যে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই সংবাদ প্রকাশিত হয়েছে।”
মামলার বিষয়ে হাসান আদিব বলেন, “সংবাদের মূল সূত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক অধিশাখার প্রতিবেদন। আমরা এর উপর ভিত্তি করেই সংবাদ করেছি। তাছাড়া সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট সকলের বক্তব্য এবং রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলে সত্যতা পাওয়ার পরেই সংবাদ করেছি।
“আমার কাছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। সেগুলো আদালতে উপস্থাপন করলে আশা করা যাচ্ছে বিষয়টি আদালত বিবেচনা করবেন।”
জিয়াউল গণি সেলিম বলেন, “তারা মূলত হয়রানির উদ্দেশ্যে এ মামলা দায়ের করেছেন। অবশ্য তাদের আইনগত অধিকারও রয়েছে মামলা করার। আমরাও আইনগতভাবেই মামলা মোকাবিলা করব।”
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, “ছাত্রলীগের পক্ষ থেকে মামলা করা হয়নি। এটা তারা পার্সোনালি করেছেন। আমরা তো সংবাদ সম্মেলন করেছি।”
মামলা করায় প্রতিবাদ
সাংবাদিকের নামে মামলা হয়রানিমূলক উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেস ক্লাবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনগুলো।
গত ৯ নভেম্বর এসএ টিভিতে ‘ইয়াবা চক্রে জড়িত রাবি ও রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী’ এবং ১০ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘রাবি ও রুয়েটে ইয়াবা ব্যবসায় ৪৪ শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী’ শিরোনামে সংবাদ প্রচারিত ও প্রকাশিত হয়।
