২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্ধ শতাব্দী পর খুলনা থেকে ট্রেন গেল কলকাতায়

অর্ধ শতাব্দী পর খুলনা-কলকাতা রেল যোগাযোগ শুরু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 04:03 PM

Updated : 11 Oct 2022, 02:44 PM

বৃহস্পতিবার দুপুরে ৫২ বছর পর ২৫৩ জন যাত্রী নিয়ে খুলনা স্টেশন থেকে কলকাতা যাত্রা শুরু করেছে বন্ধন এক্সপ্রেস।

এর আগে কলকাতা থেকে যাত্রা করে বেলা সাড়ে ১২টায় খুলনা স্টেশনে এসে পৌঁছে ট্রেনটি। ভারতীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ৪০ মিনিটে) কলকাতা থেকে যাত্রা করে ট্রেনটি।

ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা যাত্রী হয়ে খুলনা স্টেশন থেকে বন্ধন এক্সপ্রেসে যাত্রা শুরু করেন। ট্রেনটিতে তিনি বেনাপোল পর্যন্ত যাবেন বলে জানিয়েছেন খুলনার স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার।

যাত্রার শুরুতে ভারতীয় হাই কমিশনার বলেন, এ ট্রেন চালুর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে।

অচিরেই খুলনায় ভারতের সহকারী হাই কমিশনারের দপ্তর খোলা হবে বলে জানান তিনি।

স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, খুলনা-কলকাতা রেলপথের দূরত্ব ১৭৫ কিলোমিটার।বন্ধন এক্সপ্রেসে ইঞ্জিন ও পাওয়ারকারসহ ১০টি কোচ রয়েছে। এর মধ্যে আটটি কোচে যাত্রী পরিবহন করা হবে। এসি কেবিনের ভাড়া ভ্যাট ও রাজস্বসহ দুই হাজার এবং এসি চেয়ার কোচের ভাড়া দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

খুলনা থেকে কলকাতায় যেতে বন্ধনের যাত্রীদের কাস্টমস-ইমিগ্রেশনসহ প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগবে বলে জানান তিনি।

আগেও খুলনা-কলকাতা ট্রেন চলাচল করত। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় সেই যোগাযোগ। এরপর গত ৯ নভেম্বর দুই দেশের প্রধানরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুইচ টিপে বন্ধন এক্সপ্রেসের পরীক্ষামূলক যাত্রার সূচনা করেন।

বন্ধন এক্সপ্রেসের যাত্রী এইচ এম আলাউদ্দিন বলেন, ইতিহাসের সাক্ষী হতে পেরে ভীষণ ভালো লাগছে। এ রুটে ট্রেন চালু হওয়া এ অঞ্চলের মানুষ খুব সহজে কলকাতায় যাতায়াত করতে পারবে।