নওগাঁয় পিস্তলসহ ৫ ‘জেএমবি’ আটক
নওগাঁর আত্রাই উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ ‘জেএমবি সদস্যকে’ পিস্তলসহ আটক করেছে পুলিশ।
জেলার পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, উপজেলার নওদুলী বাজার এলাকায় বৃহস্পতিবার ভোরের দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন - মান্দা উপজেলার পারইল আশিরা গ্রামের লোকমান প্রামানিকের ছেলে মোয়াজ্জম হেসেন বুলেট (৩০), রানীনগর উপজেলার বেতগাড়ী গ্রামের আয়াত আলী সরদারের ছেলে লুলু সরদার (৩০), আত্রাই উপজেলার নওদুলি বাজারের হাফিজুর রহমান শেখের ছেলে আবদুল্লাহ (৪২), দাড়িয়াগাথি গ্র্রামের আহাম্মদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (২৫) ও নাটোরের গুরুদাসপুর উপজেলার জমাইনগর গ্রামের ইয়াহিয়ার ছেলে মাসুদ রানা (২৫)।
পুলিশ সুপার বলেন, “গোপন খবরের ভিত্তিকে পুলিশ জানতে পারে নওদুলী বাজার এলাকায় জেএমবির সক্রিয় সদস্য আব্দুল্লাহর বাড়িতে জেএমবি সদস্যরা গোপন মিটিং করছে।
“অভিযান চালিয়ে পাঁচ জেএমবি সদস্যকে আটক করা হয়। তাদের কাছে দুটি বিদেশি পিস্তল, ১৩টি গুলি, দুটি ম্যাগাজিন ও গ্রেনেড বানানোর সরঞ্জামাদি পাওয়া গেছে। তারা জেএমবির সক্রিয় সদস্য।”
তাদের জিজ্ঞাসাবাদসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
