২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 11:19 AM

Updated : 12 Apr 2022, 12:43 AM

র‌্যাব ৮-এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব জানান, বুধবার সকাল পৌনে ৮টার দিকে শরণখোলা রেঞ্জে বলেশ্বর নদের কাতলার খাল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ ফকির ও রুহুল আমিন ‘বনদস্যু আব্বাস বাহিনীর সদস্য’ বলে র‌্যাবের ভাষ্য। তবে র‌্যাব তাদের পারিবারিক পরিচয়-ঠিকানা জানাতে পারেনি।

র‌্যাব কর্মকর্তা হাসান ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় ১৫ দিন ধরে সুন্দরবন ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় দলছুট কিছু জলদস্যু ও বনদস্যু বাহিনীর সদস্যরা সংগঠিত হয়ে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। র‌্যাব তাদের ধরার চেষ্টা করছে।

“বুধবার সকালে কাতলার খাল এলাকায় আট-দশজনের একটি দল প্রস্তুত হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তারা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। তাদের সঙ্গে র‌্যাবের প্রায় পৌনে এক ঘণ্টা গোলাগুলির পর তারা বনের গহিনে পালিয়ে যায়।”

র‌্যাব সেখান থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে জানিয়ে তিনি বলেন, “পরে স্থানীয় জেলেরা নিহতদের বনদস্যু আব্বাস বাহিনীর সদস্য বলে শনাক্ত করেন।”

ঘটনাস্থল থেকে ১২৪টি গুলিসহ সাতটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা হাসান ইমন।