২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ভর্তিতে ‘জালিয়াতি’: সাক্ষাৎকারে শিক্ষার্থী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাক্ষাৎকার দিতে আসা এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শফিকুল ইসলাম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2017, 07:52 PM

Updated : 19 Aug 2022, 05:57 PM

মঙ্গলবার আইন অনুষদের স্বাক্ষাৎকার দিতে আসলে ওই শিক্ষার্থীকে আটক করা হয় বলে জানান ওই অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ।

আটক খলিলুর রহমান যশোর সদরের তোফায়েল আহমদের ছেলে। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর বি১- ২০০৩২। পরীক্ষার ফলাফলে তিনি ৬১ নম্বর পেয়ে ১৬তম হয়েছিলেন।

ডিন আবু নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ভর্তিচ্ছুর হাতের লেখা না মেলায় ভাইভা বোর্ডের শিক্ষকদের সন্দেহ হয়। তাছাড়া তার চেহারা দেখেও ভাইভা বোর্ডের শিক্ষকদের সন্দেহ হয়। পরে তাকে প্রক্টরের কাছে তুলে দেওয়া হয়।

তার হাতের লেখার বিষয়ে তিনি বলেন, “আমাদের এমসিকিউ থাকে ৮০ নম্বরের, আর লিখিত থাকে ২০ নম্বরের। ওই ২০ নম্বরের হাতের লেখার আশপাশ দিয়েও তার লেখা যাচ্ছে না। তাই ধারণা করা হচ্ছে সে হয়তো জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে।”

গত ২৩ অক্টোবর দুটি শিফটে আইন অনুষদের (বি-১ ও বি-২) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর অনুষদের ১৬০টি আসনের বিপরীতে ৩১ হাজার ৮৬৯ জন পরীক্ষায় অংশ নেন।

এ পরীক্ষায় পাশ করেন মাত্র ২৬৭ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান বলেন, “ওই ভর্তিচ্ছুকে জিজ্ঞাসা করলে সে কোনো জবাব দেয়নি। সে চুপ থেকেছে। তাকে পুলিশে দেওয়া হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

মতিহার থানার ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাতের লেখা না মেলায় এক শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে দিয়েছে। জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”