৪ কিলোমিটার দূর থেকে পানি আনতে হচ্ছে বাগেরহাটে
ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপকূলীয় জেলা বাগেরহাটের অনেক জায়গায় চার-পাঁচ কিলোমিটার দূরে গিয়ে পানি সংগ্রহ করতে হচ্ছে।
শুকনো মৌসুমে এই সংকট তীব্র হয়। কয়েক বছর ধরে সংকট বেড়েই চলেছে। সেই সঙ্গে আছে লবণাক্ততা ও আর্সেনিক।
জেলার জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম শামীম আহমেদ বলেন, জেলার নয়টি উপজেলার পাঁচটিতেই ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক হারে নিচে নেমে গেছে। তাই সুপেয় পানির সংকট দিন দিন তীব্র হচ্ছে।
সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগের চিত্র পাওয়া গেছে। সদর উপজেলা, কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা ও মংলায় এ সমস্যা বেশি।
কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের সুব্রত মুখার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় তাদের এলাকায় গভীর নলকূপ বসানো যাচ্ছে না।
“সুপেয় পানির জন্য প্রায় চার কিলোমিটার দূরে গিয়ে গোয়ালমাঠ এলাকার একটি পুকুর থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে হয়, যা খুব কষ্টসাধ্য।
“দিন যতই যাচ্ছে সুপেয় পানির সংকট যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সামনে আমরা পানযোগ্য পানি কোথায় পাব তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”
গভীর-অগভীর কোনো ধরনের নলকূপই বসানো যাচ্ছে না বলে জানালেন শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন।
কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান বলেন, “দুই-একটা নলকূপ বসানো গেলেও যে পানি ওঠে তা হয় আর্সেনিকযুক্ত না হয় লবণাক্ত।”
একই কথা বললেন উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক।
“আমাদের এলাকায় সুপেয় পানির একমাত্র উৎস পুকুর বা উন্মুক্ত জলাশয়। যেসব পুকুর রয়েছে তা শুকনো মৌসুমে শুকিয়ে যায়। আমরা খাবার পানি পাই না। তাই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে হয় অনেক দূর থেকে। অনেক পরিবার নিজেরা যেতে না পেরে টাকার বিনিময়ে কাউকে দিয়ে সংগ্রহ করে নেয়।”
বেসরকরি উন্নয়ন সংস্থা অগ্রদূত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আউব আলী আকন বলেন, ২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের জলোচ্ছ্বাসে জলাশয়গুলো লবণপানিতে ভেসে যায়।
“ফলে এখানকার বিশুদ্ধ পানির উৎসগুলো সব নষ্ট হয়ে যায়। পরে সরকারি-বেসরকারি উদ্যোগে এসব এলাকায় পুকুর ও জলাশয়গুলো সংস্কার করে ফিল্টার বসানো হয়। কিন্তু দক্ষতার অভাবে সেগুলো সংরক্ষণ করতে না পারায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে।”
সমস্যা সমাধানে প্রশাসনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখা যায়নি।
তবে প্রকৌশলী শামীম বলেন, “নানা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বৃষ্টির পানি সংরক্ষণের ওপর আমরা জোর দিচ্ছি। ফিল্টারগুলো সংস্কার করতে হবে। আর জনগণকে এগুলো রক্ষার দায়িত্ব নিতে হবে। জেলা পরিষদের মালিকানাধীন ১১৬টি পুকুর খনন করা হবে। এগুলো বাস্তবায়ন করা গেলে কিছুটা হলেও সংকট কাটবে বলে মনে করছি।”
