২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় মটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে পড়ার পর কভার্ডভ্যানচাপায় ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 11:44 PM

Updated : 19 Aug 2022, 05:57 PM

সোমবার শহরের মজমপুরে ট্রাফিক পুলিশের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কুষ্টিয়া মডেল থানার এসআই লিপন সরকার জানান।

তামিম হোসেন নামের এই শিশু অসুস্থ হওয়ায় তাকে কুষ্টিয়ায় চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিলেন বাবা আলফাজ উদ্দীন ও তামান্না রহমান।

কুষ্টিয়ার কুমারখালীর শ্রীকোল গ্রামের আলফাজ মেহেরপুরে একটি এনজিওতে কাজ করেন। সেখান থেকেই মটরসাইকেলের পিছনে স্ত্রী-সন্তানকে নিয়ে যাত্রা করেছিলেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওহিদ নামে ট্রাফিক পুলিশের একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা বিকাল সাড়ে ৫টার দিকে মজমপুরে ট্রাফিক পুলিশের কার্যালয়ের সামনে আসামাত্র সড়কে খানা-খন্দ থাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় একটি কভার্ডভ্যান শিশুটিকে চাপা দিয়ে চলে যায়।”

শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত আলফাজ-তামান্না দম্পতি সেখানে চিকিৎসা নিচ্ছেন।

টিটু রহমান নামে আরেক প্রত্যক্ষদর্শীও বলেন, সড়কে খানাখন্দের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

শিশুটিকে চাপা দিয়ে কিছু দূর যাওয়ার পর চালকসহ কভার্ডভ্যানটিকে আটক করে স্থানীয়রা।

চালক নিজাম উদ্দীন বলেন, “হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে শিশুটি গাড়ির চাকার নিচে পড়ে যায়। এতে আমার কিছুই করার ছিল না।”

কভার্ডভ্যানটি জব্দ করে চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসআই লিপন।