রংপুরে হিন্দু বাড়িতে হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি
ফেইসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে রংপুরে হিন্দুদের বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে জাতীয় পার্টি।
সোমবার দুপুরে ঘটনাস্থল ঠাকুরপাড়া পরিদর্শনকালে এ দাবি জানান দলটির মহাসচিব সংসদ সদস্য রুহুল আমীন হাওলাদার।
তিনি বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পরিকল্পিতভাবে নিরীহ হিন্দুদের ঘরবাড়িতে হামলা চালানো হয়েছে। এটি ন্যক্কারজনক ও ঘৃণিত কাজ।
“হামলাকারীরা যেই হোক বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
সেইসঙ্গে এ ঘটনায় নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
পরে তিনি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে অনুদান দেন।
এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মিঠুসহ স্থানীয় নেতারা ছিলেন।
এর আগে সকালে ভারতীয় ডেপুটি হাই কমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় ঠাকুরপাড়া পরিদর্শন করেন। তবে তিনি এ বিষয়ে কোনো কথা বলেননি।
শুক্রবার রংপুরে “ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে হিন্দু বাড়িঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে কয়েক হাজার মানুষ। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবক নিহত হন।
