২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে দুর্ঘটনায় লাশ হলো ৩ কলেজ ছাত্র

কক্সবাজারের রামুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্রের প্রাণ গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 01:58 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রশিদনগর এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রামু থানার ওসি এম লিয়াকত আলী জানিয়েছেন।

নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার কলেজ গেইট এলাকার সাব্বির আহমদের ছেলে শফিকুল ইসলাম (২০), জালালাবাদ ইউনিয়নের তারাকাটা এলাকার আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ হাসান (২২) ও পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকার সিরাজ মিয়ার ছেলে মহিউদ্দিন (২২)।

তারা কক্সবাজার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি লিয়াকত বলেন, “চকরিয়ামুখী একটি মিনিবাস বিপরীতমুখী কক্সবাজারগামী একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শফিকুল ও হাসান মারা যান।”

আহত অবস্থায় মহিউদ্দিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।