২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিএনপির ২৯ নেতাকর্মী আটক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের আগের রাতে গাজীপুরে বিভিন্ন স্থান থেকে দলটির ২৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 12:59 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

শনিবার রাতে চালানো এ অভিযানে আটকদের মধ্যে রয়েছেন টঙ্গীর সাত জন, কালিয়াকৈরের ১১ জন, শ্রীপুরের পাঁচ জন, কাপাসিয়ার চার জন এবং কালীগঞ্জের দুই জন।

টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে’ টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা আমজাদ হোসেন ঝুনাসহ সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, রাতে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মৌচাক ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মনির সিকদারসহ ১১ নেতাকর্মীকে আটক করা হয়।

শ্রীপুর থানার এএসআই জয়নাল আবেদীন বলেন, উপজেলা বিএনপি সভাপতি শাহ্জাহান ফকির এবং গাজীপুর জেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ ও শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হারিছ মাঝিসহ পাঁচজনকে আটক করা হয়েছে। 

কাপাসিয়ায় চার জন এবং কালীগঞ্জে দুই নেতাকর্মীকে আটক করার কথাও পুলিশ নিশ্চিত করেছে।

জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, রাতে পুলিশ তাদের নেতাকর্মীদের আটক করে ভয়-ভীতি ছড়াচ্ছে। এ অভিযানের আগেই তাদের অধিকাংশ নেতা-কর্মীরা ঢাকায় চলে গেছেন।

সাভার-আশুলিয়া-ধামরাইয়ে আটক ১৯

শনিবার রাতে সাভারে নয় জন, আশুলিয়ায় সাত জন ও ধামরাইয়ে দুই জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির, আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল ও ধামরাই থানার ওসি রেজাউল করিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।