নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
নাটোরের আলাদা সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ছয়জন।
শনিবার সিংড়া উপজেলায় নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল পাঁচবাড়িয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন এবং নাটোর শহরের বাইপাস এলাকায় বাসের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু হয় বলে জানান ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।
আহতদের মধ্যে দুইজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে একজন মাইক্রোবাস চালক বলে জানালেও তাদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।
এসআই শফিকুল বলেন, দুপুরে রাজশাহী থেকে রংপুরগামী হৃদয় পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকের (৪০) মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এরআগে সকাল ৭টার দিকে শহরের বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
খবর পেয়ে সিংড়ায় অবস্থানরত তথ্য ও যোগাযোগ (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুর্ঘটনাস্থল পরিদর্শন করে হতাহতদের উদ্ধার ও চিকিৎসার খবর নেন।
