নিখোঁজ ব্যবসায়ীর হাড়গোড় উদ্ধার, গ্রেপ্তার ২
নিখোঁজের সাত মাস পর ঢাকার আশুলিয়ায় মাটি খুঁড়ে এক ব্যবসায়ীর হাড়গোড় উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার আব্দুল হাকিম জানান, বৃহস্পতিবার পাথালিয়া ইউনিয়নের উত্তর রোয়ালিয়ার একটি বাগান বাড়ি থেকে টুকরো করা লাশের হাড়গোড় উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল হোসেন (৫০) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বরনদি এলাকার মৃত জাহের আলী ছেলে। তিনি ধামরাইয়ের বিভিন্ন ইটভাটা থেকে ইট কিনে বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই বাড়ির তত্ত্বাবধায়ক ও তার এক নারী সহযোগীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র।
স্বজনদের বরাত দিয়ে র্যাব কর্মকর্তা জানান, দুই দিন পর নিখোঁজের স্ত্রী রোকেয়া বেগম ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
“গত ৫ মে নিখোঁজ ব্যবসায়ীর ছেলে মো. লিটন র্যাব-৪ নবীনগর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দিলে র্যাব ধামরাই থানার জিডির সূত্র ধরে অনুসন্ধান শুরু করে।”
র্যাব কর্মকর্তা বলেন, প্রযুক্তি ব্যবহার করে জানা যায়, নিখোঁজ ব্যবসায়ীর মোবাইল ফোনটিতে অন্য একটি নম্বরের সিম লাগানো হয়েছে।
আটক নাছির উদ্দিন দিপু
র্যাব কর্মকর্তা আব্দুল হাকিম জানান, বৃহস্পতিবার দুপুরে নাছির উদ্দিন ও শিউলির স্বীকারোক্তি অনুযায়ী র্যাব উত্তর রোয়ালিয়া এলাকায় এনায়েত উল্লার বাগান বাড়িতে অভিযান চালায়।
“সেখানে তাদের দেখিয়ে দেওয়া জায়গা খুঁড়ে ব্যবসায়ীর খণ্ডিত দেহের কঙ্কাল উদ্ধার করা হয়।
“র্যাব বাড়িটি তল্লাশি করে একটি কক্ষ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও একটি ছোড়া উদ্ধার করেছে। এছাড়া ওই ব্যবসায়ীর মোবাইল ফোনটি নাছিরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।”
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আটক মোশের্দা আক্তার শিউলি
“গ্রেপ্তাররা জানিয়েছে- তাকে প্রথমে ছুরিকাঘাতে হত্যার পর দা দিয়ে দুই হাত-পা ও মাথা বিচ্ছিন্ন করে মাটিতে পুঁতে রাখা হয়েছে।”
বাগানবাড়ির মালিক এনায়েত উল্লাহ বলেন, প্রতি শুক্রবার তিনি বাগান বাড়িতে আসেন। তবে সম্প্রতি নাছিরের কাজে তেমন মনোযোগ ছিল না। গত ৪ মাস আগে সে কাজ করবে না বলে চলে যায়।
