২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ইউপি সদস্যের ছেলেকে ঘাড় কেটে হত্যা  

নাটোরের সদরে এক ইউপি সদস্যের ছেলের ঘাড়কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 05:14 PM

Updated : 19 Aug 2022, 05:56 PM

সদর থানার ওসি সিকদার মশিউর রহমান জানান, উপজেলার কান্দিভিটা এলাকার একটি মসজিদের পাশের ফাঁকা জায়গা থেকে বুধবার রাতে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত অঙ্গন ইসলাম (২০) উপজেলার পিপরুল ইউনিয়ন পরিষদের নারী সদস্য মমতাজ বেগমের ছেলে। কান্দিভিটা এলাকায় নানা খাদেমুল ইসলামের বাড়িতে থেকে শহরে ‘সানু সু স্টোর’ নামে একটি জুতার দোকানে কাজ করতেন তিনি।

শহর যুবলীগের আহ্বায়ক সায়েম হোসেন জানান, অঙ্গন তাদের দলীয় কর্মকাণ্ডে মাঝে মাঝে অংশ নিতেন। তবে দলে তার কোনো পদবী ছিল না।  

ওসি সিকদার বলেন, দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন অঙ্গন। রাত ১১টার দিকে স্থানীয়রা তার রক্তাক্ত লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।   

তিনি বলেন, “ঘাড় কেটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তার মুখের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করেনি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

অঙ্গনের মা মমতাজ বেগম বলেন, “দ্রুত সময়ের মধ্যে আমার ছেলের হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”