২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বাসের ভেতর কঙ্কাল, আটক ২

গাজীপুরের টঙ্গীতে কঙ্কাল বহনে ব্যবহৃত একটি বাসসহ  দুইজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2017, 10:57 AM

Updated : 11 Oct 2022, 02:43 PM

টঙ্গী থানার এসআই মো. মোশারফ হোসেন জানান, বুধবার রাত আড়াইটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় পুলিশের চেকপোস্টে তারা ধরা পড়েন।

আটককৃতরা হলেন - শেরপুরের নকলা উপজেলার ওমর আলীর ছেলে এরশাদ আলী (২৬) ও নাটোরের সিংড়া থানার এক কিশোর (১৬)।

এসআই মোশারফ বলেন, তারা টাঙ্গাইলের সখীপুর এলাকার দুটি কবর থেকে কঙ্কাল চুরি করেন। পরে বাসে করে ময়মনসিংহ যাচ্ছিলেন। বাস থেকে পলিথিনে মোড়ানো দুটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। এ সময় বাস থেকে আরও পাঁচজন কৌশলে পালিয়ে গেছে।

আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে তিনি বলেন, “তারা সংঘবদ্ধ হয়ে কঙ্কাল চুরি করে। আর এগুলো বহনের জন্য এই বাসটি ব্যবহার করে। বাসটির নাম ‘কলি’ আর নম্বর ‘ঢাকা মেট্টো-জ-০৪-০২৭৭’ লেখা থাকলেও কোন রুটে চলাচল করে তা লেখা নেই।

“টাঙ্গাইল থেকে তাদের আরও কঙ্কাল তোলার ইচ্ছা থাকলেও ঘটনাবশত দুটি কঙ্কাল নিয়েই চলে আসে। এগুলো তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ এলাকায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। প্রতিটি কঙ্কাল তারা ৮-১০ হাজার টাকায় বিক্রি করে বলে পুলিশকে জানিয়েছে।”

পুলিশ  বাসটি জব্দ করার পাশাপাশি ঘটনা বিস্তারিত তদন্ত করছে বলে জানান এসআই মোশারফ।