২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিককে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪

গাজীপুরে এক পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 05:25 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

রোববার সকাল ও শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন জানান

গ্রেপ্তাররা হলেন গাজীপুরের ইটাহাটার আরব আলী (৩২), গোপালগঞ্জের মধুপুরের মনির হোসেন (৩৪), টাঙ্গাইলের কেশমমাইজার গ্রামের কাওসার আলী (২০) ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারির বড়তেরছড়া গ্রামের মোফাজ্জল হোসেন (৩০)। 

বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা সাখাওয়াৎ বলেন, মৌচাক তেলিরচালা এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন মেয়েটি। সম্প্রতি তার চাকরি চলে যায়।

“বৃহস্পতিবার সকালে নতুন চাকরির খোঁজে চান্দনা চৌরাস্তা এলাকায় বোনের বাড়িতে যান। সেখান থেকে রাতে অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে বাইমাইল এলাকায় ওই চারজন তাকে জোর করে অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে।

“পরে ভয়ভীতি দেখিয়ে একটি নৌকায় তুলে স্থানীয় বাইমাইল বিলের মধ্যে নিয়ে ধর্ষণ করে শুক্রবার ভোরে ছেড়ে দেয়।”

মেয়েটি বাড়ি ফিরে স্বামীকে ঘটনাটি জানায় এবং শনিবার সকালে কোনাবাড়ি পুলিশ ফাঁড়িতে গিয়ে একটি লিখিত অভিযোগ করেন বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াৎ বলেন, ওই অভিযোগের পর পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে মনির হোসেন ও কাওসার আলীকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে রোববার সকালে মোফাজ্জল ও আরব আলীকে কোনাবাড়ি এলাকা থেকে আটক করা হয়।

কোনাবাড়ি ফাঁড়ির পরিদর্শক মোবারক হোসেন বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওই পোশাক শ্রমিক নিজেই বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন বলেও জানান তিনি।