২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় তিন বাহনের সংঘর্ষে নিহত ২

পাবনা সদর উপজেলায় বাস, নসিমন ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; আহত হয়েছে অন্তত ছয়জন।    

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 02:23 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

রোববার বেলা ১২টার দিকে উপজেলার মালিগাছা মজিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাবনা সদর থানার পরিদর্শক হাফিজুর রহমান জানিয়েছেন।

নিহতরা হলেন- নছিমন চালক পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাই শুক্লা গ্রামের মনছের আলীর ছেলে রোকন আলী (৪৫) ও সম্রাট (৩০)।

পরিদর্শক হাফিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে রাজশাহী থেকে বাস পাবনাগামী রাব্বী পরিবহনের দ্রুতগামী একটি বাস একই পথের একটি নসিমনকে পাশ কাটাতে  গিয়ে ধাক্কা দেয়। 

“এ সময় নছিমনটি রাস্তার পাশে উল্টে গিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলেল সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নসিমন চালকের মৃত্যু ও আরও সাতজন আহত হয়।”    

পরে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা ।

তিনি বলেন, আহতদের মধ্যে মোটরসাইকেল চালক পলাশের (৪০) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাবনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।