২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটিতে এসে লাশ হলো প্রবাসী

গোপালগঞ্জ সদরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়ে মোটরসাইল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন; যিনি সম্প্রতি বিদেশ থেকে ছুটিতে দেশে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 10:51 AM

Updated : 19 Aug 2022, 05:54 PM

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের কংশুর এলাকায় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবায়েত ইসলাম সানী (৩০) শহরের মিয়াপাড়ার মানু মিয়া ওরফে মানিকের ছেলে। গত অক্টোবর মাসের ২০ তারিখে ছুটিতে সিঙ্গাপুর থেকে দেশে আসেন তিনি।  

ওসি সেলিম বলেন, রাতে রুবায়েতসহ পাঁচ বন্ধু তিনটি মোটরসাইকেলে করে শহর থেকে সদরের সাতপাড় এলাকায় ঘুরতে যান। এ সময় রুবায়েত একই একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন।

“ফেরার পথে রুবায়েতের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।