রাজশাহীতে ঋত্বিক চলচ্চিত্র উৎসব
চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীতে তিনদিন ব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।
শনিবার বিকাল থেকে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলনায়তনে কথা সহিত্যিক হাসান আজিজুল হক এ উৎসবের উদ্বোধন করেন।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির উদ্যোগে এ উৎসব থেকে থিয়েটার এবং সিনেমায় ভূমিকা রাখার জন্য সেরা অভিনেতা ও অভিনেত্রীদের সম্মাননাও জানানো হবে। ২০০৯ সাল থেকে এ পদক দিয়ে আসছে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি।
এ বছর বাংলাদেশ এবং ভারত থেকে পুরস্কার পাচ্ছেন ভিকে জোসেফ, আসাদুজ্জামান নূর, ব্রাত্য বসু, অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক ও জয়া আহসান।
শনিবার ভিকে জোসেফ, অধ্যাপক ফজলুল হক ও অধ্যাপক রুহুল আমিন প্রামাণিককে সম্মানা দেওয়া হয়। উৎসবের শেষ দিন ৭ নভেম্বর বাকি তিনজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান ফিল্ম সোসাইটির সভাপতি এফ এম এ জাহিদ।
উৎসব উপলক্ষ্যে আগামী ৫, ৬ ও ৭ নভেম্বর প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত রাজশাহী নগরীর পদ্মাপাড়ের লালন মঞ্চে চলচ্চিত্র প্রদর্শনী হবে। আর ৭ নভেম্বর ঋত্বিক ঘটককে নিয়ে অধ্যাপক ফজলুল হকের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
ঋত্বিক কুমার ঘটক ১৯২৫ সালের ৪ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন, মারা যান ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি, কলকাতায় । ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘সুবর্ণরেখা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘নাগরিক’,‘যুক্তি তক্কো আর গপ্পো’, ‘অযান্ত্রিক’ -এর মতো অসামান্য সৃষ্টিকর্মের সুবাদে বাংলা চলচ্চিত্রে তিনি অমর হয়ে আছেন।
