২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধায় স্মরণে জাতীয় চার নেতা

জেল হত্যা দিবসে রাজশাহীতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2017, 05:35 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়।

রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে।

দিবসটি পালনোপলক্ষে শুক্রবার সকালে রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায় কামারুজ্জামানের কবরে এবং কুমারপাড়ায় স্বাধীনতা চত্বরে শ্রদ্ধা জানানো হয়। পরে দলের নেতাকর্মীরা শোক শোভাযাত্রা ও স্মরণসভায় অংশ নেন।

কাদিরগঞ্জে এএইচএম কামারুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীর কুমারপাড়ায় স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা ‍নিবেদন করেন।

এ সময় কামারুজ্জামানের বড় ছেলে মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, মীর ইকবার, শফিকুল ইসলাম বাদশা, মাহফুজুল আলম লোটন, শাহাদত হোসেন ও নওশের আলী, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাঈমুল হুদা রানা উপস্থিত ছিলেন।

এরপর এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক মিছিল বের করা হয়। মিছিলটি সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

পরে সেখানে একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় খায়রুজ্জামান লিটন বলেন, “যদি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা আর কয়েকটি বছর বেঁচে থাকতেন তাহলে দেশটিকে আরও এগিয়ে নিয়ে যেতেন। পরবর্তী জেনারেশন হাল ধরলে দেশটি উন্নত দেশে পরিণত হতো।”

দিনটি পালনোপলক্ষে নগরীর গোরহাঙ্গা মোড়ে রক্তদান কর্মসূচি ও শহীদ এএইচএম কামারুজ্জামানের উপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে মহানগর যুবলীগ। খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানের উদ্ধোধন করেন।

রাবির শ্রদ্ধা

এএইচএম কামারুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, ছাত্র-উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার ও প্রক্টর মো. লুৎফর রহমান।