যশোরে ক্লিনিকে স্বাস্থ্যকর্মী খুন
যশোরের চৌগাছা উপজেলায় তালাবদ্ধ কার্যালয় থেকে এক স্বাস্থ্যকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ, যার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ তাকে কুপিয়ে হত্যা করেছে।
চৌগাছা থানার ওসি খন্দকার শামিম উদ্দীন জানান, হাকিমপুর ইউনিয়নের যাত্রাপুর কমিউনিটি ক্লিনিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছির আরাফাত (৩৫) ওই ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার পদে কাজ করতেন বলে পরিবার জানিয়েছে।
আরাফাত হাকিমপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি সপরিবার কোটচাঁদপুর শহরে বসবাস করতেন।
ওসি শামিম বলেন, সেখানকার লোকজন তালাবদ্ধ কক্ষের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে তার চাচাত ভাই সাকিব পুলিশকে জানান।
“তার গায়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”
আরাফাতের বাবা শহিদুল ইসলাম তার ছেলেকে হত্যা করা হয়েছে দাবি করে বলেন, “আমার ছেলে চাকরির পাশাপাশি কেবল অপারেটরের ব্যবসা করত। এ ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে।”
লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
