গাজীপুরে বিলে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
গাজীপুরে একটি বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজের একদিন পর এক কিশোররের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের স্টেশন অফিসার মো.শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ২টার দিকে নগরীরর বাইমাইল এলাকার একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত দিপু মিয়া (১৭) বাইমাইল মধ্যপাড়া এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে ।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শহীদুল বলেন, বুধবার দুপুরে বাইমাইল এলাকায় একটি বিলে দিপুসহ চারজন মাছ ধরতে যায়। তারা সাঁতার কেটে বিলের এপার থেকে ওপারে যাওয়ার সময় দিপু পানিতে তলিয়ে যায়। পরে বাকিরা পাড়ে উঠে দিপুকে খুঁজে না পেয়ে তার স্বজনদের খবর দেয়।
“দিপুর স্বজনরাও তাকে খুঁজে না পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনে খবর দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে তাদের ডুবুরি দল গিয়ে মধ্যরাত পর্যন্ত বিলে তল্লাশি চালায়। কিন্তু দিপুর খোঁজ না মেলায় রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।”
তিনি বলেন, পরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের পাঁচ জন ডুবুরি তার নেতৃত্বে দুপুর ১২টার দিকে বিলে তল্লাশি চালিয়ে দিপুর লাশ উদ্ধার করে।পরে লাশ তার স্বজনদের কাছে হাস্তান্তর করা হয়।
