সিরাজগঞ্জে তুলার মিলে অগ্নিকাণ্ড
সিরাজগঞ্জ শহরে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডে বেশকিছু তুলা ও যন্ত্রপাতি পুড়ে গেছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, পৌর এলাকার সমাজ কল্যাণ মোড়ে ‘মেসার্স তালুকদার ট্রেডার্স’-এ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
“ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”
আব্দুল হামিদ জানান, কারখানার যন্ত্রাংশের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অল্প সময়ের মধ্যে আগুন কারখানার তিনটি ঘরে ছড়িয়ে পড়ে।
“আগুনে ফ্যাক্টরির তিনটি ঘর, তুলা ও যন্ত্রাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
তবে মেসার্স তালুকদার ট্রেডার্সের পরিচালক মামুনুর রশিদের দাবি, অগ্নিকান্ডে তার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
