খালেদার গাড়িবহর: আরও একটি মামলা
ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের কাছে বাসে আগুন দেওয়ার ঘটনায় আরেকটি মামলা করেছে পুলিশ, যাতে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
বুধবার ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করা হয় বলে জানান ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে মঙ্গলবার ঢাকা ফেরার পথে ফেনীর মহীপালে খালেদা জিয়ার গাড়িবহরের কাছে দুটি বাসে অগ্নিসংযোগ, হাতবোমার বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে।
এর আগে শনিবার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথেও ফেনীর মোহাম্মদ আলী বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে সাংবাদিকদের মারধর ও কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।
ওই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয় সোমবার।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান, এসআই নুর উদ্দিনের দায়ের করা বিস্ফোরক, অগ্নিসংযোগ ও হামলার মামলায় জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খোন্দাকর, জেলা ছাত্রদলের একাংশের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী বরাতসহ ছাত্রদল ও যুবদলের ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়।
এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।
কক্সবাজার যাওয়ার পথে গত শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মোহাম্মদ আলী এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়।
এরপর কক্সবাজার থেকে ফেরার পথে মঙ্গলবার ফেনীর মহিপালে ফের হামলার ঘটনা ঘটে।
এ হামলার জন্য আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে।
