সাতক্ষীরায় নার্সের ‘অবহেলায়’ নবজাতকের মৃত্যু
সাতক্ষীরা সদর হাসপাতালে নার্সদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাতে প্রসবের সময় ওই নবজাতকের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার বাবা সদর উপজেলার ধুলিহর গ্রামের জয়নুল আবেদিন।
তিনি বলেন, প্রসব ব্যথা উঠলে সোমবার দুপুরে স্ত্রী নুর নাহারকে সদর হাসপাতালে নিয়ে যান। বেলা ২টার দিকে স্ত্রীকে নিয়ে হাসপাতালে গেলেও নার্সদের অবহেলায় বাচ্চা প্রসব করানো যায়নি।
“একপর্যায়ে তার স্ত্রীর তীব্র প্রসব ব্যথা উঠলেও কোনো নার্স তার সাহয্যে এগিয়ে আসেননি। এমনকি নার্স নাসিমা খাতুন ও মুর্শেদা খাতুনকে বারবার অনুরোধ করলেও সন্ধ্যা পর্যন্ত কেউ আসেননি।”
অবস্থা সংকটাপন্ন হয়ে উঠলে তড়িঘড়ি করে রাতে কর্তব্যরত নার্সরা তার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে তার স্ত্রীর মৃত বাচ্চা হয় বলে জানান জয়নুল।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরহাদ জামিল বলেন, “জয়নুল আবেদিনের অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
হাসপাতালে কর্তব্যরত এসআই সায়েম জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে এক নারী মৃত বাচ্চা প্রসব করেছে বলে শুনেছেন।
