২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ‘পিটুনিতে’ রেস্তোরাঁ মালিকের মৃত্যু

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় কয়েকজন কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মাতাল অবস্থায় এক রেস্তোরাঁ মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2017, 05:51 PM

Updated : 12 Apr 2022, 12:37 AM

ভূরুঙ্গামারী থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত জানান, শিলখুড়ি ইউনিয়নের পাগলারহাট বাজারে রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মমিনুল ইসলামের (৫০) বাড়ি ওই এলাকায়। বাড়ির পাশে একটি খাবারের দোকান চালাতেন তিনি।      

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, রোববার রাতে তারেক, সুলতান ও সাদেক নামে তিন গরু বিক্রেতা ‘মদ্যপ অবস্থায়’ মমিনুলের দোকানে চা খেতে যায়।

“এ সময় মমিনুল তাদের কাছে পাওনা টাকা চাইলে তাদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।এক পর্যায়ে তারা মমিনুলকে এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হন তিনি।”

উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মমিনুলকে মৃত ঘোষণা করেন বলে জানান ইসমাইল।

মমিনুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা তারেককে আটকে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে বলেও জানান ইসমাইল।

এদিকে এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোমবার সকালে পাগলার হাটে দোকানপাট বন্ধ রেখে ভুরুঙ্গামারী জামতলা মোড়ে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসীর কাছে একটি স্মারকলিপি দেন তারা।

ওসি তাপস বলেন, মারধরের কারণে হার্ট অ্যাটাক হওয়ার কারণে হাসপাতালে নেওয়ার পথে মমিনুলের মৃত্যু হয়। পরে এ ঘটনায় জড়িত অভিযোগে তারেক নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

“এ ঘটনায় আরও দুইজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছ; তাদেরও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।” 

তিনি বলেন, এ ঘটনায় মমিনুলের ছেলে শহিদুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।