পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, দণ্ডিত ৮
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইসের সাহায্যে জালিয়াতিতে সহায়তার অভিযোগে আট জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, শুক্রবার এ বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগে ভর্তি পরীক্ষা চলাকালে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে কর্তৃপক্ষ।
“পরে পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন মনিরা তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।”
দণ্ডিতরা হলেন- শরীফুল ইসলাম, রাকিবুল ইসলাম, খালিদ হোসেন, মো. মৃদুল হোসেন, রাকিব হোসেন, তারেক হোসেন তুষার, মাহবুবুল আলম ও শাহরিয়ার আহমেদ।
এদের মধ্যে রাকিব ও খালিদকে দুই বছর এবং বাকিদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবীর জয় জানান, গোপন খবরে তারা জানতে পারেন কিছু লোক ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে পরীক্ষার হলে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পাঠাচ্ছিল।
“পরে বিষয়টি পুলিশ নিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ওই সময় পরীক্ষা প্রায় শেষের দিকে হওয়ায় এ ঘটনায় জড়িত কোনো শিক্ষার্থীকে আটক করা যায়নি।”
জালিয়াত চক্রটি ছাত্রদের কাছ থেকে ৩/৪ লাখ টাকা করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে, বলেন প্রক্টর।
“বোতামের মতো ডিভাইসটি থাকে শিক্ষার্থীর কাছে এবং কার্ডটি থাকে বাইরে জালিয়াতচক্রের কাছে। পরীক্ষার হল থেকে শিক্ষার্থীরা প্রশ্নের ছবি বাইরে পাঠায়।
“পরে বাইরে থাকা লোকজন উত্তর তৈরি করে ভিতরে পাঠায় মোবাইল ফোনে। শিক্ষার্থীরা শুনে শুনে প্রশ্নে উত্তর লেখে।”
গ্রেপ্তারদের কাছ থেকে বেশকিছু ডিভাইস, মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও প্রক্টর জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯১০টি আসনের বিপরীতে পরীক্ষায়র জন্য আবেদন করেছেন ৪১ হাজার ৮১ জন। বিশ্ববিদ্যালয়সহ পাবনা শহরের বিভিন্ন স্কুল-কলেজের ১৫টি কেন্দ্রে তিন শুক্রবার দফায় পরীক্ষা হয়েছে। সকাল ৯টা, ১১টা এবং ৩টায় পরীক্ষাগুলো অনুষ্ঠিতম হয়। প্রতিটির সময় ছিল দেড়ঘণ্টা।
