‘চাঁদা না পেয়ে কাটল’ খামারের বিদ্যুৎ-পানির লাইন
চাঁদা না দেওয়ায় গাজীপুরে এক মুরগির খামারের বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
শুক্রবার শহরে এক সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশনের ইটহাটা এলাকার আশরাফুল ইসলাম রানা ও তার লোকজনের বিরুদ্ধে এই অভিযোগ করেন একই এলাকার নাসিমা বেগম।
নাসিমা সাংবাদিকদের বলেন, “আমি অনেক কষ্টে ধারদেনা করে নিজের বাড়িতে মুরগির খামার দেই। খামারে উন্নতি দেখে স্থানীয় আশরাফুল ইসলাম রানা নিজে ও তার লোকজন দিয়ে বিভিন্ন সময় আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন।
“চাঁদা না দেওয়ায় বুধবার সকালে রানা তার লোকজন নিয়ে খামারের গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় ওই রাতে জয়দেবপুর থানায় জিডি করলে ক্ষিপ্ত হয়ে রানা বৃহস্পতিবার সকালে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আমার বাড়িতে ভাংচুর করেন। আমাদের বিরুদ্ধে মামলা ও খুন-জখমের হুমকি দিয়ে চলে যান।”
২০০৫ ও ২০০৬ সালেও ব্যবসায় বাধা ও চাঁদা দাবির অভিযোগে রানার বিরুদ্ধে জয়দেবপুর থানায় একাধিক মামলা ও জিডি করা হয় জানিয়ে নাসিমা অভিযোগ করেন, “রানারা প্রভাবশালী হওয়ায় পুলিশ নিষ্ক্রিয় থাকে।”
এ বিষয়ে জয়দেবপুর থানার এসআই মো. জামাল মিয়া বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
“নাসিমা বেগম রানাদের প্রতিহিংসার শিকার হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।”
তবে রানা চাঁদা দাবির কথা অস্বীকার করে বলেন, “নাসিমাদের পোলট্রির বর্জ্যে আমাদের সমস্যা হয়। বিদ্যুতের লাইন, গাস ও পানির লাইন বিচ্ছিন্নের সঙ্গে আমি জড়িত না।”
