২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রীসহ আটক ৩

বরিশাল সদর উপজেলায় এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে; এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তানকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 02:29 PM

Updated : 12 Apr 2022, 12:36 AM

কাউনিয়া থানার ওসি নূরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে চরবাড়িয়া ইউনিয়নের বোর্ড স্কুল এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত মোক্তার হোসেন বেপারী (৪৫) নির্মাণ শ্রমিকের কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি নূরুল বলেন, পারিবারিক নানা বিষয়ে স্ত্রী মুনিরা বেগমের (৩৫) সঙ্গে মোক্তারের বনিবনা হচ্ছিল না। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার সালিশ বৈঠকও করেছে।

“ভোরে তাকে কুপিয়ে আহত করার পর মুনিরা নিজেই স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জাহিদুল আলমকে ফোন করে জানান। তখন তারা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।”

পুলিশ ইতোমধ্যেই মুনিরা, তার ১৪ বছর বয়সী ছেলে ও ১৬ বছর বয়সী মেয়েকে আটক করেছে জানিয়ে ওসি নূরুল বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।